
কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম। এই গ্রাম বেগুনের গ্রাম হিসেবে ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি পেয়েছে।আশির দশকে মৃতঃ মজেতুল্লাহ্ প্রামানিক ও মৃত হেফাজ উদ্দিন প্রামানিকের হাত ধরে বেগুন এ এলাকায় বিস্তৃতি লাভ করে। তাদের উৎপাদিত বেগুন দেখে গ্রামের প্রায় সকল মানুষ বেগুন চাষে উদ্বুদ্ধ হয়ে পড়ে। এভাবেই এ এলাকায় বেগুনের সমৃদ্ধি আসে। এখন গ্রামের কমবেশি সকলেই বাড়তি আয়ের জন্য ধান গম পাট চাষের পাশাপাশি বেগুন চাষ করেন। এখানকার উৎপাদিত বেগুনের মান এতটাই ভালো যে, প্রথম দিকে এর খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা উপজেলায়। এর পর রংপুরে। ধীরে ধীরে এই বেগুনের খ্যাতি ও যশ ছড়িয়ে পড়ে সারাদেশে। বর্তমানে দেশের বিভিন্ন স্থান হতে পাইকাড়রা প্রতিদিন ট্রাকে করে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে মোস্তফাপুরের বেগুন। চিকলি নদীর তীরবর্তী গ্রাম মোস্তাফাপুর। এখানকার মাটি বেগুন চাষের জন্য খুবই উপযোগি। বর্তমানে মোস্তফাপুর গ্রামকে আদর্শ ধরে গোটা উপজেলায় বেগুনের ব্যাপক চাষ হচ্ছে। যা উপজেলার চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে।
মোস্তফাপুর গ্রামের বেগুন সম্পর্কে কথা হয় মোস্তাফাপুর গ্রামের বাসিন্দা ও বকশীগঞ্জ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক আবু তাহের প্রামানিকের সাথে, তিনি জানান ; আমি ছোট বেলায় দেখেছি বদরগঞ্জের প্রতি হাটবার (সোমও বৃহঃস্পতি) সকালে বেগুনের ক্ষেতগুলি লোকে লোকারণ্য থাকত। দেখে মনে হত এ যেন উৎসব। যাদের জমিতে বেগুন ছিল সবাই মিলে বেগুন তুলতো, আর অন্যরা ক্ষেতের আইলে থাকতো। যতজন বেগুন তুলতো কিংবা দাঁড়িয়ে থাকতো সবাইকে বেগুন দেয়া হত। বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানের বেগুনকে হাট-বাজারে মোস্তফাপুরের বেগুন বলে চালানো হয়, এতে তাদের বেগুনের কাটতি হয় এটি ভেবে এবং দেশের বিভিন্ন প্রান্তে এই বেগুনের খ্যতি ও যশে আমি গর্বিত।
বদরগঞ্জ উপজেলা কৃষিঅফিস সূত্রে জানা যায় ; এবারে উপজেলায় বেগুন চাষ হয়েছে ৩৫০হেক্টর জমিতে। করলা চাষ হয়েছে ১৫০হেঃ, মরিচ চাষ হয়েছে ১০০হেক্টর জমিতে।
রামনাথপুর ইউপির ঝাকুয়াপাড়া গ্রামের বেগুন চাষি এমারুল হক(৫৮)জানান;ধান পাটের পাশাপাশি বেগুন চাষ করে আমার সংসারে আর কোন অভাব নেই। বেগুনের বিক্রি করে ছেলে মেয়েদের পড়ালেখার খরচ চালাচ্ছি। আবহাওয়া ভাল থাকায় এবারে বেগুনের বাম্পার ফলন হয়েছে দামও বেশ ভালো।
বদরগঞ্জ উপ-সহকারি কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান ;মোস্তফাপুর সহ গোটা উপজেলায় এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো। বদরগঞ্জের চাহিদা মিটিয়ে এ বেগুন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-২ জানুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন