কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ
জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষ কতই না পেশা আকঁড়ে ধরে। সহায় সম্বলহীন অসহায় এক মানুষ মোকলেছুর রহমান (৫৪)। বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খোলাহাটি ফকিরের বাজার গ্রামে। পেশায় একজন ভ্রাম্যমান ফেরিওয়ালা। মহিলাদের নিত্য প্রয়োজনীয় কসমেটিক্স সামগ্রি হাতে নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করাই যার একমাত্র কাজ। সকাল হতে রাত পর্যন্ত তিনি বিরতিহীনভাবে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় সামগ্রি মহিলাদের প্রয়োজন কিনা তা জিজ্ঞাসা করেন এবং তা বিক্রি করেন। এ ব্যবসা হতে যা আয় হয় তা দিয়েই কোন রকমে চলে তার সংসার। তার মুলধন না থাকার কারনে এবং এই ব্যবসায় পুঁজি কম লাগার কারনে এই পেশাকে তিনি বেছে নিয়েছেন। ব্যবসা করে তার প্রতিদিন আয় হয় ২শত হতে আড়াই শত টাকা।
আজ শুক্রবার(৭এপ্রিল)সকালে এই প্রতিবেদক ঘুমে থাকা অবস্থায় দরজায় কড়া নাড়ছেন এক ব্যক্তি। দরজা খুলে দেখলেন কালচে পাতলা গড়নের এক ব্যক্তি দাঁড়িয়ে এবং বলছেন মহিলাদের চুরি ফিতা,আয়না চিরুনি কিংবা সুই সুতা লাগবে কিনা ? অবাক হয়ে তার দিকে তাকিয়ে বাড়ির ভিতরে ফেরিওয়ালাকে আমন্ত্রন জানালাম। ধীরে ধীরে জানতে পারলাম তার ব্যবসা ও কষ্টের কথা।
ভ্রাম্যমান ফেরিওয়ালা মোকলেছুর রহমান জানান; আমি এক সহায় সম্বলহীন গরীব মানুষ। ছোট বেলায় মা বাবা মারা গিয়েছে। লেখাপড়া শিখতে পারিনি। ৩০বছর ধরে মানুষের কাছে ধার নিয়ে এই ক্ষুদ্র ব্যবসা করছি। বর্তমানে এনজিওদের কাছে লোন নিয়ে কোন রকমে ফেরি করে মাল বিক্রি করে আমি আমার সংসার চালাই। তিনি জানান; পায়ে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি ফেরি করে মাল বিক্রি করতে আর ভাল লাগে না। কিন্তু আমি গরীব মানুষ। এক দিন ব্যবসা না করলে আমার সংসার চলবে না। বাধ্য হয়ে কষ্ট করছি। আমি প্রতিদিন ১৮কি.মি পথ পাড়ি দিয়ে বদরগঞ্জে আসি এবং এখানকার বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে কসমেটিক্সের মাল বিক্রি করি।
তিনি আরও জানান; বিক্রি কম হওয়ায় অনেক সময় মহাজনকে টাকা দিতে পারি না। মহাজনও পরে আর বাকিতে মাল দিতে চায় না। তখন তার হাতে পাঁয়ে ধরে কসমেটিক্সের মাল নিয়ে আসি। বিক্রি করে তার টাকা পরিশোধ করি এবং প্রতিদিন যা আয় হয় তা দিয়ে কোন রকমে সংসার চালাই।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার জানান; এক শ্রেনির মানুষ এ পেশাটিকে আকঁড়ে ধরে আছে। এ পেশাটি আসলেই কষ্টদায়ক। সরকার ও এনজিও যদি এদের সহজ শর্তে লোনের ব্যবস্থা করে দিত তাহলে এই সকল সহায় সম্বলহীন গরীব মানুষগুলোর উপকার হতো।
বদরগঞ্জ,রংপুর
তারিখ-৭এপ্রিল/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন