সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

দানায় দানায় কৃষকের স্বপ্ন




কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

আমের দানায় দানায় রয়েছে কৃষকের আগামির স্বপ্ন। সেই সোনালি স্বপ্নকে বুকে ধারন করে রংপুর বদরগঞ্জের আম চাষিরা তাদের বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে তাদের বাগানের আম গাছে আসতে শুরু করেছে সোনালি আভা ছড়ানো আমের মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধ আর মৌমাছির গুনগুন শব্দে মুখরিত আম বাগান এলাকা। এ এক নয়নাভিরাম দৃশ্য। যে কাউকেই মুগ্ধ করবে। কয়েক দিনের মধ্যে আমের মুকুল পরিনত হবে এক পরিপুর্ন দানায়। কৃষকের কাছে এ দানা শুধু দানা নয় এ হল তাদের কাছে আগামির স্বপ্ন। এ স্বপ্নে বিভোর হয়ে কৃষকরা স্বপ্ন বুনে চলছেন তাদের মনে। কারন তাদের এই স্বপ্ন পুরন মানেই স্বাবলম্বি হওয়া।  
সরেজমিনে গত রবিবার (১৮ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন আম বাগান ঘুরে এ চিত্রই চোখে পড়ে। দেখা যায়,কৃষকরা তাদের বাগানে পানি সেচের ব্যবস্থা করছেন,কেউবা ভিটামিন প্রয়োগ করছেন। যেন তাদের  ব্যস্ততার অন্ত নেই।
কথা হয় উপজেলার রামনাথপুর ইউপির ঝাকুয়াপাড়া গ্রামের আম বাগান মালিক হাসান আল মাহামুদের সাথে,তিনি জানান,৩০ বিঘা জমিতে রয়েছে আমার আমের বাগান। সবে মাত্র গাছে মুকুল আসতে শুরু করেছে। মুকুল রক্ষায় এই সময়টাতে ব্যাপক পরিচর্যা দরকার। তা না হলে আমের মুকুল নষ্ট হয়ে যাবে। তাই বাগানে কৃষি শ্রমিক নিয়ে কাজ করছি।
তিনি আরও জানান,গত বছর আমি এই বাগান হতে ৪৫ লক্ষ টাকার আম বিক্রি করেছি। আবহাওয়া ভাল থাকলে আমার বাগানে এখন পর্যন্ত যে পরিমান মুকুল এসেছে,তাতে গত বছরের চাইতে অনেক বেশি টাকার আম বিক্রি করতে পারবো।
কথা হয় উপজেলার কালুপাড়া ইউপির আম বাগান মালিক মাহাফুজ ওয়াহিদ চয়নের সাথে, তিনি জানান,আমার ২০ বিঘা জমিতে হাড়ি ভাঙ্গা জাতের আম বাগান রয়েছে। গত বছর আমি ২০ লক্ষ টাকার আম বিক্রি করেছি।
তিনি আরও জানান,এই সময়টাতে যদি আম বাগানে ঠিকমতো পরিচর্যা করা না যায় তবে কাঙ্খিত আম পাওয়া যাবে না। তাই বাড়তি কৃষি শ্রমিক নিয়ে বাগানের পরিচর্যা করছি।
বদরগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কনক রায় জানান, গোটা উপজেলায় ৩৭৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। আম চাষ লাভজনক হওয়ায় বদরগঞ্জ উপজেলায় দিন দিন বেড়েই চলেছে আমের বাগান।
তিনি আরও জানান,ইতোমধ্যে আম বাগানে মুকুল হতে গুটি আসা শুরু হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকুলে রয়েছে। তবে আবহাওয়া খারাপ হলে(ঝড়-বৃষ্টি) আমের ক্ষতির সম্ভাবনা থাকে। 
বদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুবর রহমান জানান,দিন দিন এ উপজেলায় আম বাগানের সংখ্যা বেড়েই চলেছে। অধিক লাভের কারনে কৃষকরা এখন নিজস্ব জমিতে আম বাগান করছেন।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৯ফেব্রুয়ারি/১৮
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...