শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০

অবশেষে অসহায় বৃদ্ধা লাখরাজি রাউথ প্রশাসন সাধারন মানুষের সহযোগিতা ও ভালবাসায় সিক্ত হলেন


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

অবশেষে সেই অসহায় বৃদ্ধা লাখরাজি রাউথ পুলিশ প্রশাসন সাধারন মানুষের সহযোগিতা আর ভালবাসায় সিক্ত হলেন। গত মঙ্গলবার(৩১ডিসেম্বর)দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন সংস্করনে সংবাদটি প্রকাশিত হওয়ার পর দেশে বিদেশে তোলপাড়ের সৃষ্টি হয়।
সরেজমিনে আজ শুক্রবার(৩জানুয়ারি)সকালে উপজেলার রামনাথপুর ইউপির খোর্দ্দবাগবাড় মিশনপাড়া গ্রামে অসহায় বৃদ্ধা লাখরাজি রাউথের বাড়িতে গেলে বৃদ্ধা লাখরাজি এই প্রতিবেদকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেলেন।
কান্নাজড়িত কন্ঠে লাখরাজি রাউথ জানান,বাবা,তোমাক আর তোমার পেপার(দৈনিক ইত্তেফাক)এর উপর মোর কৃতজ্ঞতার শ্যাষ নাই। তোমার জন্যে মুই আইজ সবার কাছ থাকি সহযোগিতা পাওছো। ভগবান তোমার ভাল করবে।
এ দিকে,সংবাদটি প্রকাশিত হবার পরেই পুলিশ প্রসাসনের দৃষ্টি আকর্ষন হলে রংপুর জেলা পুলিশ সুপার বিল্পব কুমার সরকার বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হাবিবুর রহমান হাওলাদারের মাধ্যমে কম্বল ও বৃদ্ধা লাখরাজির ভরন পোষনের দায়িত্ব নেবার কথা জানিয়ে দেন।
এ ছাড়াও লন্ডন প্রবাসি বদরগঞ্জ বালুয়াভাটা মহল্লার সাবেক কাষ্টমস সুপার মৃত আঃ মান্নানের ছেলে মাহাবুব আলম নয়ন ও সমাজ সেবক আঃ মতিন বৃদ্ধা লাখরাজি সহ ওই গ্রামের কিছু অসহায় মানুষের জন্য খাবার ও কম্বল বিতরন করেন। ইতোমধ্যেই অনেকে অসহায় বৃদ্ধা লাখরাজিকে সহযোগিতা করার জন্য খোঁজখবর নিচ্ছেন। 

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৩জানুয়ারি/২০২০
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

 


মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

একটা কম্বল দেও বাহে,খুব জাড় নাগোছে !



কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

ছনের তৈরি জীর্ন কুঠির তাও আবার ভাংগাচোরা। পৌষের কনকনে ঠান্ডা আর হিম শীতল হাওয়া অনায়েসে প্রবেশ করে ঘরটিতে। এই ঘরেই বাস করেন সহায় সম্বলহীন অসহায় বৃদ্ধা লাখরাজি রাউথ (৭৫)।
বৃদ্ধা লাখরাজির বাড়ি বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির খোর্দ্দবাগবাড় মিশনপাড়া গ্রামে। প্রচন্ড ঠান্ডার দাপটে কাতর হয়ে ১০দিন আগে মারা গেছেন লাখরাজির স্বামি মিশরিয়া রাউথ।
বৃদ্ধার ৩ মেয়ে ২ ছেলে। সকলের বিয়ে হয়ে গেছে। আলাদা আলাদা সংসার তাদের। বৃদ্ধা লাখরাজির স্বামি মারা যাওয়ার আগ পর্যন্ত দু-জনেই একত্রে এই জীর্ন ছনের ঘরেই বাস করতেন। কৃষকের জমিতে ফেলে যাওয়া ধান আর ইঁদুরের গর্ত হতে বের করে আনা ধানই ছিল তাদের আয়ের এক মাত্র উৎস। বর্তমানে তিনি একা। 
সরেজমিনে  গতকাল মঙ্গলবার(৩১ডিসেম্বর) সংবাদ সংগ্রহের উদেশ্যে চলে যাই উপজেলা সদর হতে ১০কি.মি দুরে রামনাথপুর ইউপির খোর্দ্দবাগবাড় মিশনপাড়া গ্রামে। শীতের কুয়াশায় মোড়ানো সকালে মিষ্টি রোদের আশায় যবুথবু হয়ে জীর্ন ছনের ঘরের পাশে বসে আছেন অসহায় বৃদ্ধা লাখরাজি রাউথ।
বয়সের ভারে কোমর বেঁকে যাওয়া বৃদ্ধা লাখরাজি সংবাদকর্মি পরিচয় পেয়ে বলে ওঠেন, মোক একটা কম্বল দেন বাহে,এই জারোত মুই আর থাকপার পাওছো না। তোরা দিবার না পারেন,পেপারোত লেখি দেন বাবা,তাইলে কেউ না কেউ মোক একটা কম্বল দেবে। এই ঠান্ডাত ১০দিন আগে মোর স্বামি মরি গেইছে। এখন মুই কেমন করি বাঁচিম বাবা।
তিনি আরও জানান,এই বয়সোতও মুই বয়স্ক ভাতা পাও না। আর কত বয়স হইলে মোক ওরা বয়স্ক ভাতা দিবে।
এ দিকে,শীতের দাপটে কাতর অসহায় দুস্থ মানুষের জন্য সরকারি কিংবা বে-সরকারিভাবে এখনও চোখে পড়ার মত তেমন শীতবস্ত্র বিতরন করা হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, সরকারিভাবে শীত বস্ত্র বিতরন করা হয়েছে ৫ হাজার ৫শত কম্বল। এই উপজেলায় অসহায় দুস্থ মানুষের সংখ্যার তুলনায় কম্বলের পরিমান একেবারেই নগন্য। 
বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট জানান, গোটা উপজেলায় ছিন্নমুল মানুষদের জন্য কম্বল বিতরন অব্যাহত আছে। আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। এলেই আবার বিতরন করা হবে।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৩১ডিসেম্বর/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
 


শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

ডিম দুধ আর ভাঁপাপিঠা, যত বেশি শীত তত বেশি বিক্রি


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
 
স্বল্প আয়ের ছিন্নমুল মানুষরা শীতের দাপটে কাতর হলেও স্বপ্ল পুঁজির রাস্তার ধারের ভ্রাম্যমান দোকানদারদের ভাঁপাপুলি আর গরম দুধ ডিমের ব্যবসা চলছে রমরমা। বর্তমানে শীতের দাপট এতটাই বেড়ে গেছে যে,প্রচন্ড শীতে কাতর হয়ে পড়েছেন উপজেলার খেটে খাওয়া ছিন্নমুল মানুষরা।
ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়া আকাশ আর হিমেল হাওয়া সব মিলিয়ে যেন হাড় কাঁপানো শীত। এই শীতে খেটে খাওয়া মানুষসহ সাধারন মানুষজন ঘর হতে বের হতে না পারলেও রাস্তার ধারে কিংবা দোকানের কোন এক কোনে বসে থাকা ভ্রাম্যমান দোকানদারদের শীতের গরম গরম মজাদার ভাঁপাপুলি,দুধ আর ডিমের চলছে রমরমা ব্যবসা। রাস্তার ধারের ভ্রাম্যমান দোকানদাররা কেউ ভাঁপাপুলির পসরা সাজিয়ে কেউবা দুধ আর ডিম নিয়ে বসে আছে। প্রতিটি দোকানেই যেন উপচে পড়া ভীড়। শীতের মজাদার নারিকেল ভাঁপাপুলি খেতে তারা এসেছেন এই সমস্ত ভ্রাম্যমান দোকানগুলিতে। কেউবা এসেছেন গরম দুধ আর সিদ্ধ ডিম খেতে। গভীর রাত পর্যন্ত চলে তাদের এই ব্যবসা।
সরেজমিনে গত রাতে ও সকালে বদরগঞ্জ পৌরশহরের মোড়ে মোড়ে ভ্রাম্যমান ভাপাপুলি,দুধ আর সিদ্ধ ডিমের দোকানগুলিতে গিয়ে এ চিত্রই চোখে পড়ে। 
কথা হয় উপজেলার কালুপাড়া ইউপির ঢাঙ্গারপাড়া গ্রামের ভাঁপাপুলি বিক্রেতা ইয়ারুল ইসলামের(২৬)সাথে,তিনি জানান,ভাঁপাপুলি বিক্রি হয় সন্ধ্যা হতে রাত ১২টা পর্যন্ত। প্রতি পিঠা ৫টাকা দরে বিক্রি হচ্ছে। যা হতে প্রতিদিন আয় হয় কমপক্ষে ৬-৭শত টাকা। আমার অন্য ৩ ভাই আমার মত শীতের এই সময়টাতে পৌরশহরের অন্য মোড়ে ভাঁপাপুলির দোকান দিয়ে ব্যবসা করছে। আমরা ৪ ভাই ১ বোন। বোনের বিয়ে হয়ে গেছে।
অর্থাভাবে আমরা লেখাপড়া শিখতে পারি নাই। আমাদের আর্থিক অবস্থা বর্তমান সময়ের মত হলে আমার বাবা অবশ্যই আমাদের লেখাপড়া শেখাতো।
তিনি আরও জানান,যত বেশি কুয়াশা আর ঠান্ডা,তত বেশি বিক্রি হয় ভাঁপাপুলি,গরম দুধ আর সিদ্ধ ডিম।
কথা হয় উপজেলার মধুপুর ইউপির কাশিগঞ্জ গ্রামের দুধ ও ডিম বিক্রেতা আবু বক্কর সিদ্দিক(৫৪)সাথে,তিনি জানান,দীর্ঘ ২১ বছর ধরে দুধ ও ডিমের ব্যবসা করছি। শীতকালে এই ব্যবসাটি বেশি চলে। গ্রাহক এতবেশি বেড়ে যায় যে,বসে থাকার সময় পাই না। প্রতি গ্লাস দুধ ১৫টাকা ও প্রতি পিস ডিম ১০-১২ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন বিকাল ৪টা হতে রাত ১১টা পর্যন্ত চলে। প্রতিদিন আয় হয় কমপক্ষে ৮-৯শত টাকা। 
তিনি আরও জানান,এক সময় মানুষের বাড়িতে মজুর দিয়ে সংসার চলতো। তখন অভাব অনটনের অন্ত ছিল না। এই ব্যবসা করেই জমি কিনে বাড়ি ঘর করা সহ সংসার,ছেলে-মেয়েদের লেখাপড়া সবকিছুই চলে। আল্লাহ্র রহমতে আমি ভালো আছি।
ভাঁপাপুলি আর সিদ্ধ ডিম খেতে আসা বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজিবুল ইসলাম রাজিব জানান,প্রচন্ড এই শীতে খেটে খাওয়া ছিন্নমুল মানুষদের কষ্ট হলেও রাস্তার ধারের স্বল্প পুঁজির এই দোকানদারদের ব্যবসা ভালই চলছে।
তিনি আরও জানান,শীত বস্ত্রের অভাবে ছিন্নমুল মানুষদের ভোগান্তি হলেও এই সমস্ত স্বল্প পুঁজির দোকানদার অর্থ্যাৎ গরীব ব্যবসায়িদের ব্যবসা কিন্তু ভালই চলছে। যত বেশি শীত আর ঠান্ডা তত বেশি তাদের বিক্রি।
বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট জানান,কনকনে শীতে এক শ্রেনির মানুষের দুর্ভোগ বেড়ে গেলেও রাস্তার ধারের এই সমস্ত ভাঁপাপুলি,দুধ ডিমের দোকানগুলো ভালই চলছে।
তিনি আরও জানান,শীতের দাপট বাড়ার সাথে সাথে এ সমস্ত ভ্রাম্যমান দোকানগুলোর বিক্রি আরও বেড়ে যাবে।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-২১ডিসেম্বর/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪



 

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

এক হালি পেঁয়াজের দামে দেড় হালি ডিম


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)ঃ

এক হালি পেঁয়াজে দেড় হালি ডিম পাওয়া যাচ্ছে। দেশে পেঁয়াজ নিয়ে হৈ চৈ শুরু হলেও কিছুতেই এর সমাধান হচ্ছে না। আপাতত সমাধানের কোন লক্ষনও দেখা যাচ্ছে না। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা সাধারন। এ ছাড়াও আগে ছোট বড় হোটেল(রেস্তোরা)গুলোতে ব্যাপকভাবে মুখরোচক খাবার পিঁয়াজি তৈরি এবং বিক্রি হলেও এখন তা শুন্যের কোটায় দাঁড়িয়েছে কারন পিঁয়াজি তৈরির অন্যতম উপাদানই হল পিঁয়াজ। দাম অনেকটা নাগালের বাহিরে যাওয়ায় দোকানদাররাও আর পিঁয়াজি তৈরি করছেন না। আর অল্প কিছু দোকানদার পিঁয়াজি তৈরি করলেও পিঁয়াজির দাম বৃদ্ধির কারনে ক্রেতারাও তা খাচ্ছেন না।
সরেজমিনে গতকাল শুক্রবার(১৫নভেম্বর)সকালে বদরগঞ্জ পৌরবাজার ঘুরে দেখা যায়,দেশি পেঁয়াজ কেজি প্রতি ২৭০টাকায় আর দেশের বাহিরের(বোল্ডার)পেঁয়াজ কেজি প্রতি ২শত হতে ২২০টাকায় বিক্রি হচ্ছে। অর্থ্যাৎ এক হালি পেঁয়াজের দামে পাওয়া যাচ্ছে দেড় হালি(৬টি)ডিম।
কাঁচাবাজার করতে আসা পৌরশহরের বালুয়াভাটা মহল্লার বাসিন্দা জান্নাতুল বাকি জানান,কাঁচাবাজারের অন্যান্য জিনিষ পত্রের দাম কিছুটা বেশি হলেও তবুও সহনীয় পর্যায়ে রয়েছে। কিন্তু পেঁয়াজের দাম তো কিছুতেই পড়ছে না। বরং দিন দিন বেড়েই চলেছে। অনেকটা বাধ্য হয়েই বাসার জন্য ১ পোয়া পিঁয়াজ(বোল্ডার)৫৫টাকায় কিনলাম।
তিনি আরও জানান,আমি হিসেব করে দেখলাম,এক হালি পেঁয়াজে অনায়েসে দেড় হালি ডিম পাওয়া যাচ্ছে।
বদরগঞ্জ পৌরবাজারের পাইকাড়ি পেঁয়াজ বিক্রেতা এনামুল হক ও আকবার আলি জানান,আমরা দেশের বড় বড় মোকাম হতে দেশি ও বোল্ডার পিঁয়াজ কিনে এনে বদরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় পাইকাড়ি দরে বিক্রি করি। বর্তমানে পেঁয়াজের দাম বেশি হওয়ায় খুচরা বাজারে এর বেশ প্রভাব পড়েছে। তবে দেশি পিঁয়াজ বাজারে আসলেই পেঁয়াজের দাম কিছুটা কমে যাবে।
বদরগঞ্জ রেলওয়ে ষ্টেশন এলাকার খুচরা কাঁচামাল ব্যবসায়ি মাহাবুল ইসলাম জানান,আমরাও বুঝি পিঁয়াজের দাম অনেক বেশি। আগে আমার দোকানের জন্য পিঁয়াজ কিনে আনতাম বস্তায় বস্তায়,এখন কিনে আনি ২০কেজি হতে ৪০ কেজি।
বদরগঞ্জ উপ-সহকারি কৃষি কর্মকর্তা(উদ্ভিদ সংরক্ষন)কনক রায় জানান,পেঁয়াজ সংকটের কথা মাথায় রেখে আমরা এখন হতেই কৃষকদের পিঁয়াজ সহ মশলা জাতীয় ফসল চাষের জন্য উৎসাহিত করছি যাতে ভবিষ্যতে এ ধরনের মশলা জাতীয় ফসলের সংকট রোধ করা যায়।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৫নভেম্বর/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪ 

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

অর্থের অভাবে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হতে পারছে না বদরগঞ্জের শিউলি খাতুন


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

শুধুমাত্র অর্থের অভাবে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হতে পারছে না বদরগঞ্জের অদম্য মেধাবি শিউলি খাতুন। শিউলির বাড়ি বদরগঞ্জ উপজেলা সদর হতে ৯কিমি দুরে দামোদরপুর ইউপির শেখেরহাট এলাকার নয়াপাড়া গ্রামে। ভুমিহীন গরীব দর্জি পিতা গোলবার হোসেনের ৭ সন্তানের মধ্যে শিউলি ৫ম। পরিশ্রম আর ইচ্ছা শক্তির উপর ভর করে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে বাড়ি হতে ৯ কিমি দুরের পথ পাড়ি দিয়ে প্রতিদিন পাঁয়ে হেঁটে বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় নিয়মিত ক্লাশ করতেন শিউলি খাতুন। ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর গরীব মেধাবি শিউলি খাতুন কোন ধরনের কোচিং ছাড়াই বাড়িতে পড়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ঘ ইউনিটে মেধা তালিকায় ১৩৮তম স্থান লাভ করে। বর্তমানে শিউলি সকল প্রতিবন্ধকতাকে হার মানালেও অর্থের কাছে হার মানতে বাধ্য হচ্ছেন। কারন ঢাকা বিশ^বিদ্যালয়ে ১৩৮তম সিরিয়ালে চান্স পাওয়া মেধাবি শিউলির মনে উৎকন্ঠা সে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হতে পারবে তো !
মেধাবি শিউলির পিতা ভুমিহীন গোলবার হোসেন জানান,আমি খুব গরীব মানুষ। আমার বাড়ি ভিটে ছাড়া কিছুই নেই। আমার ৭ সন্তান। দর্জির কাজ করে কোন রকমে সংসার চালাই। খুব চিন্তায় আছি কিভাবে মেয়েটিকে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি করাবো ?
তিনি জানান,শিউলির লেখাপড়াতে এত আগ্রহ ছিল যে,অনেক দিন সে না খেয়ে পাঁয়ে হেঁটে মহিলা কলেজে যেত। টাকা পয়সা তো দিতে পারতাম না। বিশ^াস ছিল, যত কষ্ট করে মেয়েটি আমার পড়াশুনা করছে সে একদিন ভাল করবেই। 
তিনি আরও জানান,বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল বিমলেন্দু সরকার সহ কলেজের সকল শিক্ষকরা তাকে খুব ভালবাসতো এবং লেখাপড়ায় সহযোগিতা করতো।
মেধাবি শিউলি খাতুন জানান,না খেয়ে পাঁয়ে হেটে কষ্ট করে আমি এতদুর এগিয়েছি,জানিনা ঢাকা বিশ^বিদ্যালয়ে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারবো কিনা ? আমি জানি, আমার গরীব বাবা আমাকে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি করা সহ পড়াশুনার খরচ যোগাতে পারবে না। সমাজের বিবেকবান কেউ যদি আমার লেখাপড়ার ভার বহন করতো আমি তার কাছে চির কৃতজ্ঞ থাকতাম। 
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার জানান,শিউলি অসম্ভব মেধাবি মেয়ে। কোন ধরনের কোচিং বা কারো সাহায্য ছাড়াই সে একাকি বাড়িতে পড়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে মেধা তালিকায় ১৩৮তম স্থান করে নিয়েছে।
আমি আশা করবো,সমাজের বিবেকবান কেউ মেয়েটির উচ্চ শিক্ষার পথ প্রশস্ত করতে এগিয়ে আসবেন।
আমি এও মনে করি,ভবিষ্যতে শিউলিকে অনুসরন করে আমার কলেজের অন্য শিক্ষার্থীরাও অনুপ্রেরনা পাবে। 
বদরগঞ্জ,রংপুর
তারিখ-৫ নভেম্বর/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও নবীনবরন অনুষ্ঠিত


কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও নবীনবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার(৪ নভেম্বর)সকালে মহিলা ডিগ্রি কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রংপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল হক চৌধুরি ডিউক। পরে নবীনবরন অনুষ্ঠিত হয়। প্রভাষক মফিজুল ইসলাম ও প্রভাষক কামরুজ্জামান মুক্তা এর উপস্থাপনায় অধ্যক্ষ বিমলেন্দু সরকারের সভাপতিত্বে নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল হক চৌধুরি ডিউক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট,বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার,মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কাজি খয়রাত হোসেন,কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি আ.ম.আ.কাইয়ুম,বদরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মেছের উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি এমডি শামসুল হক,কলেজ ম্যানেজিং কমিটির সদস্য মনি কৃষ্ণ রায়,বদরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ফরিদুল ইসলাম প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন,বদরগঞ্জ থানার এসআই ওয়াজেদ আলি,নৃত্য পরিবেশন করেন একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রি কনা রায়, এছাড়াও বাল্য বিবাহ ও অসম বিয়ের উপর নাটিকা পরিবেশন করেন একাদশ শ্রেনির ছাত্রি পিউ দাস ও তার দল।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৪ নভেম্বর/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

যানজটের শহর বদরগঞ্জ এখন অনেকটাই যানজটমুক্ত







কামরুজ্জামান মুক্তা,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

এমারুল হক(৫৭)। বাড়ি উপজেলার রামনাথপুর ইউপির ঝাকুয়াপাড়া গ্রামে। বদরগঞ্জের হাটবার(সোম ও বৃহঃস্পতি) হওয়াতে তিনি হাটে এসেছেন লাউ ও কাঁচা মরিচ বিক্রি করতে। হাটে এসে তিনি অবাক। হাটবার সহ অন্যদিনেও যে বদরগঞ্জে রাস্তায় যানজট সহ রাস্তার ধারে অগোছালো ভ্রাম্যমান দোকানের কারনে বিশেষ করে হাটের দিনে আসায় দায় হতো অথচ আজ সব কিছুই ফাঁকা। সব কিছুতেই শৃঙ্খলা। নিজের জমির সব্জি বিক্রির পর বাড়ির প্রয়োজনীয় সওদা ক্রয় করে বাড়ির দিকে রওনা হচ্ছেন।
সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গতকাল বৃহঃস্পতিবার(৩১অক্টোবর)দুপুরে বদরগঞ্জ পৌরসভা ঘুরে বেড়ার এক পর্যায়ে দেখা হয় কৃষক এমারুলের সাথে,তিনি এই প্রতিবেদককে জানান,গত হাটবার অর্থ্যাৎ সোমবারেও এত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ ছিল না। হঠাৎ হাটের এই সুন্দর সুশৃঙ্খল পরিবেশ কিভাবে ফিরে এল এটাই ভাবছি। তিনি আরও জানান,পরে লোকমুখে শুনলাম বদরগঞ্জ থানার নতুন ওসি এসে এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে।
পরে গোটা পৌরশহরের হাট এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়,নিত্য দিনের যানজটের অসহনীয় যন্ত্রনার দৃশ্য অনেকটাই নেই বললেই চলে।
এ সময় কথা হয় যানজট এলাকা নামে পরিচিত হক সাহেবের মোড় এলাকার রড সিমেন্ট ও টিন ব্যবসায়ি জাহাঙ্গীর সরকারের সাথে,তিনি জানান,দীর্ঘ দিনের যানজট দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছিলাম,আজ দেখছি অনেকটাই ভিন্ন চিত্র। সত্যিই ভাল লাগছে। বদরগঞ্জে প্রশাসন বিশেষ করে বদরগঞ্জের ওসিকে ধন্যবাদ জানাই তিনি বদরগঞ্জে নতুন এসেই এই ভাল কাজটি করলেন।
কথা হয় দুধহাটি এলাকার তৈরি কাপড় ব্যবসায়ি কৃষ্ণ কুমার সাহার সাথে,গত কয়েকদিন আগেও একদিকে কাঁচা বাজার ব্যবসায়িদের ভীড় অন্যদিকে যত্রতত্র রিক্সা ভ্যান আর অটো রিক্সার দৌরাত্বের কারনে দোকানে কাষ্টমার আসতে পারতো না। অথচ আজ হাটবার হওয়ার পরও নিবিঘের্œ মানুষ চলাচল করতে পারছে। তিনি আরও জানান,জানি না,ক-দিন এত সুন্দর পরিবেশ থাকবে। আমি আশা করবো এই সুন্দর পরিবেশ যেন অব্যাহত থাকে।
কথা হয় বদরগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক প্রভাষক আঃ সালামের সাথে,তিনি জানান,যানজট খ্যাত বদরগঞ্জের এই সুন্দর পরিবেশ ফিরিয়ে আনাতে বদরগঞ্জে নতুন ওসি হাবিবুর রহমান হাওলাদার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। যানজট সহ বদরগঞ্জের শৃঙ্খলা ফেরাতে ওসি সাহেবের এই মহতি উদ্যোগকে উপজেলার সকল মানুষ তাকে সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করি।
বদরগঞ্জ থানার নবাগত ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান,আমি বদরগঞ্জে নতুন এসেছি। বাল্যবিবাহ,মাদক,যানজট ও সুন্দর পরিচ্ছন্ন নগরী গড়তে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে কাজগুলি করতে আমার খুব সহজ হবে।

বদরগঞ্জ,রংপুর
তারিখ-৩১অক্টোবর/১৯
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
   




  ডিউক চৌধুরি এমপিকে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন   রংপুর বদরগঞ্জের কৃতি সন্তান আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরি ডিউক(এমপি) তৃতীয় ...